সারা দেশে বজ্রপাতসহ বৃষ্টির শঙ্কা, কোন বিভাগে কখন?

সারা দেশে আগামীকাল বুধবার (১০ জুন) সকাল ৮টার মধ্যে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি লেখেন, বর্তমানে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮টার মধ্যে দেশের অর্ধেকেরও বেশি জেলায় বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
যেসব জেলার ওপর দিয়ে এই বৃষ্টিপাত হতে পারে, তার একটি বিস্তারিত বর্ণনাও দিয়েছেন তিনি। বিভাগভিত্তিক পূর্বাভাসটি নিচে দেওয়া হলো:
রংপুর বিভাগ: বিভাগের সব জেলায় রাত ১০টার পর থেকে সকাল ৮টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে।
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় রাত ১০টার পর থেকে সকাল ৮টার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের সব জেলায় বৃষ্টিপাত হচ্ছিল, যা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর রাত ১০টার পর থেকে সকাল ৮টার মধ্যে এই বিভাগের সব জেলায় আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সিলেট বিভাগ: পূর্বাভাস লেখার সময় সিলেট জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টিপাত হচ্ছিল। এই বৃষ্টি দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে রাত ১০টার পর থেকে সকাল ৮টার মধ্যে আবারও বিভাগের সব জেলায় বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: পূর্বাভাস লেখার সময় গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টিপাত হচ্ছিল, যা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর রাত ১০টার পর থেকে সকাল ৮টার মধ্যে টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলায় আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে।
খুলনা বিভাগ: সন্ধ্যার আগে এই বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে সন্ধ্যার পর (রাত ৭টা থেকে ১২টার মধ্যে) সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় বৃষ্টি হতে পারে।
বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার উত্তর দিকের উপজেলাগুলোতে বিকেল ৪টার পর থেকে রাত ১২টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
