কুয়েত যেতে না পারা বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশে বাধাগ্রস্ত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার।
বুধবার (২২ এপ্রিল) কুয়েতের বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে যেসব বৈধ সিভিল আইডিধারী বা নতুন ভিসা পাওয়া বাংলাদেশি কুয়েতে প্রবেশ করতে পারছেন না, তাদের সমস্যার সমাধানে কুয়েত সরকার দুটি প্রধান সিদ্ধান্ত নিয়েছে। যেসব প্রবাসী গত ৬ মাসের বেশি সময় ধরে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং পরিস্থিতির কারণে ফিরতে পারছেন না, তাদের জন্য তিন মাস মেয়াদি ‘ইলেকট্রনিক লিভ পারমিট’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পারমিট গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের সিভিল আইডির মেয়াদ শেষ হয়ে যাওয়া (এক্সপায়ার) রোধ করা সম্ভব হবে। ইতোমধ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে এ সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।
এছাড়া বেসরকারি খাতের চাকরি, গৃহকর্মী বা ফ্যামিলি ভিসাসহ বিভিন্ন ধরনের নতুন ‘এন্ট্রি ভিসা’র ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। যারা ভিসা হাতে পাওয়ার পরও কুয়েতে ঢুকতে পারেননি তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা সম্ভব হবে না।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে প্রচলিত নিয়ম মেনে পুনরায় নতুন এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে।ভিসা ইস্যু প্রক্রিয়া পুনরায় শুরু হওয়ার ঘোষণা আসার পর থেকেই এই নির্দেশনা কার্যকর হবে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের প্রথম সচিব (শ্রম কল্যাণ) মো. শোয়াইব-উল-ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে কুয়েত সরকারের এই নির্দেশনাগুলো অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।