বিদেশে গিয়ে কর্মস্থলে ফেরেননি ২ অতিরিক্ত পুলিশ সুপার

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিদেশে গিয়ে কর্মস্থলে ফেরেননি ২ অতিরিক্ত পুলিশ সুপার
ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা আত্মগোপনে চলে যান। অনেকে গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হয়ে কারাগারে আছেন। ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা বিদেশে পাড়ি জমিয়েছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তবে র‍্যাব-১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস; রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান ছুটি নিয়ে আর কর্মস্থলে হাজির হননি। নির্ধারিত ছুটি শেষে যোগদানের তারিখে তিনজনের কেউই আর কর্মস্থলে ফেরেননি।

কর্তৃপক্ষের একাধিক নোটিশ, বিভাগীয় মামলা, তদন্ত এবং দুই দফা কারণ দর্শানো হলেও তারা ধরা দেননি। দীর্ঘ প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে 'পলায়ন' ও 'অসদাচরণ' ও ৬০ দিনের অনুপস্থিতি প্রমাণিত হওয়ায় তাদের তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করে সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে সই করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পলাতক থাকার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(গ) বিধি মোতাবেক ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা ও কারণ দর্শানো হয়। তবে তারা কেউই এর জবাব না দেওয়ায় এবং তদন্তে পলায়ন ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়।

মালয়েশিয়ায় গিয়ে আর ফেরেননি মিশু

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের একজন অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস। তিনি জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ১৬ অক্টোবর আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা 'আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া-২০২৪'-এ অংশ নিতে ১০ দিনের সরকারি ছুটিতে মালয়েশিয়া যান তিনি। ২৬ অক্টোবর কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও আর দেশে ফিরে আসেননি।

পরে তার স্থায়ী ঠিকানায় একাধিক নোটিশ পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে 'অসদাচরণ' ও 'পলায়ন'-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু সেগুলোরও কোনো উত্তর দেননি তিনি। পরে পিএসসির মতামত নিয়ে রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

ওমরাহ পালনে গিয়ে আর ফেরেননি মাহমুদুল

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ টেলিকম সংস্থার সাবেক টেলিকম অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান ছুটি নিয়ে ২০২৪ সালের ২৮ আগস্ট ১৫ দিনের ছুটি নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। ১৩ সেপ্টেম্বর কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। ৬০ দিনের বেশি সময় অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

সরকারি চাকরির নিয়ম অনুসারে, প্রথম কারণ দর্শানোর নোটিশের কোনো জবাব না পাওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর দ্বিতীয়বারও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে তদন্ত প্রতিবেদন ও পিএসসির মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতির অনুমোদনে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সাময়িক ছুটিতে গিয়েছিলেন জুয়েল চাকমা

র‍্যাব-১৪, ময়মনসিংহের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা ২০২৫ সালের ১০ এপ্রিল ছয় দিনের সাময়িক ছুটি নিয়ে নিজ বাড়িতে যান। ১৫ এপ্রিল কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনিও আর ফিরেননি। এরপর দীর্ঘ সময় অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন। বিষয়টিকে কর্তব্যে অবহেলা ও শিষ্টাচারবহির্ভূত আচরণ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে 'অসদাচরণ' ও 'পলায়ন'-এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে দুই দফা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও কোনো জবাব দেননি। পরে তদন্ত প্রতিবেদন, সংশ্লিষ্ট নথি ও পিএসসির মতামত পর্যালোচনার পর রাষ্ট্রপতির অনুমোদনে তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।