প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন।
রোববার (৭ জুন) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দরবারে এ আহ্বান জানান তিনি।
এ সময় মহাপরিচালক বলেন, চাকরি, শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। আসন্ন নিয়োগ কার্যক্রম গত বছরের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল নিয়োগসংক্রান্ত বিষয়ে বাহিনীর কোনো সদস্য যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনাও দেন।
তিনি বলেন, নিয়োগসংক্রান্ত অধিদপ্তরের সব আদেশ-নির্দেশনা বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে বদলি কার্যক্রমে প্রতিষ্ঠিত স্বচ্ছতা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের নির্দেশনা দিয়ে মহাপরিচালক বলেন, বাহিনীর সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো আইনবহির্ভূত কনটেন্ট প্রচারে কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কেও উপস্থিত সদস্যদের অবহিত করেন। দরবারে পরিচালকরা, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগের উপপরিচালক, জেলা কর্মকর্তা ও ফায়ার স্টেশনের কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন।
বক্তব্য শেষে মহাপরিচালক সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতামত শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দুপুর ১২টায় দরবারের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার মহাপরিচালকের কাছে দরবার হস্তান্তর করেন। পরে ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
