সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আগামীকাল থাই এয়ারওয়েজে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, ২৬ জুলাইয়ের জন্য ফিরতি টিকিট কাটা ছিল তার। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে সরকারের উচ্চপর্যায়ের জরুরি বার্তায় স্পিকারকে অনুরোধ করা হয়েছে বলে সূত্র জানায়।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। এদিন দুপুর নাগাদ পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠাবেন বলে নিশ্চিত করেছেন বঙ্গভবনের কর্মকর্তারা। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপ্রধানকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়।
দেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা আছে, স্পিকারের উদ্দেশ্যে লিখিত ও নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে রাষ্ট্রপতি নিজের পদত্যাগ করতে পারেন। এ ছাড়া ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হলে বা দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করবেন। সেই নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদই সাময়িকভাবে এই পদে অসীন হবেন।
তবে সাময়িকভাবে স্পিকার দায়িত্ব নিলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা আইনিভাবে বাধ্যতামূলক।
বাংলাদেশে সর্বশেষ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন নবম জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। আওয়ামী লীগ সরকারের তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২০ মার্চ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। পরে তিনি ২০১৩ সালের ২০ এপ্রিল ২০তম রাষ্ট্রপতি হিসেবে এবং ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
এর আগে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত জমির উদ্দিন সরকার। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান। তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৮ দিন দায়িত্ব পালন করেন।
.png)






