logo
Advertisement
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এশিয়া পোস্ট নিউজ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে এক নতুন ও ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত দলটি আজ পা দিল ৪৮ বছরে।

এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দলটি। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। ফলে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলের ভেতরে ও বাইরে আগ্রহের পারদ তুঙ্গে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে দলটি। একই সঙ্গে দলটির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের এক নতুন অধ্যায় শুরু হয়।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী তাই নিছক দলীয় আনুষ্ঠানিকতা নয়; বরং দীর্ঘ বিরোধী রাজনীতির পর ক্ষমতায় এসে নিজেদের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের সক্ষমতা প্রদর্শনেরও এক বড় উপলক্ষ। একদিকে নেতাকর্মীদের মধ্যে বিজয়ের আনন্দ, অন্যদিকে রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা—দুয়ের সমন্বয়েই উদযাপিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী।