অর্থমন্ত্রী আমির খসরু অসুস্থ, বাতিল একাধিক কর্মসূচি

অসুস্থ বোধ করায় একাধিক কর্মসূচি বাতিল করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, কয়েক দিন ধরেই মন্ত্রীর কাশি ছিল। গত দুই দিন ধরে তা বেড়েছে। এ কারণে তিনি অ্যান্টিবায়োটিক নিচ্ছেন। কাশির কারণে কিছুটা দুর্বলও লাগছে।
রোববার বিকেলে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ছিল। বিকেল ৪টার ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রীর থাকার কথা থাকলেও তিনি সেখানে যেতে পারেননি।
এ ছাড়া রাতে তার আরও কয়েকটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। অসুস্থতার কারণে সেগুলোও বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোমবারের কর্মসূচি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে মোহাম্মদ সেলিম বলেন, মন্ত্রীর সোমবারও দু-একটি কর্মসূচি রয়েছে। সেখানে তিনি যেতে পারেন কি না, তা দেখা হবে।
তিনি জানান, বাসায় চিকিৎসা নেওয়ার পর আমির খসরু এখন আগের চেয়ে সুস্থ বোধ করছেন।
এর আগে গত ১ মার্চ অসুস্থ বোধ করায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। পরে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।


