logo

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার: ডব্লিউএইচও-কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার: ডব্লিউএইচও-কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সঙ্গে সাক্ষাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধিরা। ছবি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সৌজন্যে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধিরা। এ সময় বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে চায় বলে ডব্লিউএইচও প্রতিনিধিদের জানান প্রতিমন্ত্রী।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের আন্তর্জাতিক পরামর্শক ড. ফ্রান্সিসকো কাটায়ামা ও প্রফেসর ড. আবুল কালাম এবং লিয়াজোঁ ও কো-অর্ডিনেশন কর্মকর্তা মো. মহসিন আজাদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, সরকার দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত ও সহজলভ্য সেবা নিশ্চিত করতে চায়।

এ বিষয়ে সরকারের নানা অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরেন তিনি। পাশাপাশি একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা ডব্লিউএইচও প্রতিনিধিদের জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে ‘ডব্লিউএইচও কান্ট্রি কোঅপারেশন স্ট্র্যাটেজি (সিসিএস) ২০২০–২০২৬’ পর্যালোচনা এবং আগামী মেয়াদের ‘সিসিএস ২০২৭–২০৩১’ প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের স্বাস্থ্যখাতের বর্তমান চাহিদা, ভবিষ্যৎ অগ্রাধিকার এবং সরকারের কর্মপরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে নতুন সহযোগিতা কৌশল প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।