মিষ্টির পদত্যাগ করা আসনে উপনির্বাচন হবে যেভাবে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তবে যে দল বা জোটের জন্য এই আসন বরাদ্দ, সেই দল বা জোটই আসনটি পাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইসি বলেন, সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে অবহিত করার পরই আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দিয়ে আসনটি পূরণ করবে।
তিনি জানান, এ শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে তখন ভোট হবে; একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে। আসনটি যার কোটায়, শূন্য হওয়ার পরও সেই দল বা জোটই আসনটি পাবে।
শূন্য আসনটি বিএনপি জোটেরই থাকছে জানিয়ে তিনি বলেন, তফসিলের পর বিএনপি যাকে মনোনয়ন দেবেন, তিনিই নতুন এমপি হতে যাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ও তার মিত্ররা ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি ও স্বতন্ত্র জোট একটি আসন পেয়েছে।
সংরক্ষিত নারী আসন নির্বাচন আইনের ১৬ ধারার অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের কোনো আসন শূন্য হলে ওই আসন যে রাজনৈতিক দল বা জোটের অনুকূলে বণ্টিত, সেই দল বা জোটের মনোনীত প্রার্থীদের মধ্য থেকেই আসনটি পূরণ করা হবে।
