৩০০ আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের তথ্যটি সঠিক নয়: শিক্ষা মন্ত্রণালয়

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে ‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের’ শীর্ষক প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ‘৩০০ আসনে বিশ্ববিদ্যালয় করা হবে’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। উক্ত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
এতে আরও বলা হয়, উক্ত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যরা তাদের এলাকায় হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু, প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ করেন না।’ এ সময় তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’
বিবৃতিতে কোনো ধরণের অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয়।