logo

এক থাপ্পড়ে ঠিক করে দেব, প্রকল্প পরিচালককে ঠিকাদার

এক থাপ্পড়ে ঠিক করে দেব, প্রকল্প পরিচালককে ঠিকাদার
প্রকল্প পরিচালককে হেনস্তার দৃশ্য। ছবি: সামাজিক মাধ্যমের ভিডিও থেকে নেওয়া

রাজধানীতে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এক প্রকল্প পরিচালককে হেনস্তা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একটি ইলেকট্রনিক টেন্ডার-প্রক্রিয়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল।

এদিকে প্রকল্প পরিচালকের কক্ষে সংঘটিত এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চার মিনিটের ওই ফুটেজে দেখা যায়, বুধবার দুপুর ১টা ৪২ মিনিট থেকে ১টা ৪৬ মিনিট পর্যন্ত হাসানুর জামান মিন্টু প্রকল্প পরিচালকের কক্ষে অবস্থান করেন। মিন্টু সেখানে বসে মুঠোফোনে কথা বলছেন। এ সময় প্রকল্পের একটি টেন্ডারে সাউন্ড সিস্টেম সরবরাহের ক্ষেত্রে আইএসও সনদ চাওয়ার শর্ত নিয়ে আলোচনা হচ্ছিল। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি এ শর্তের বিষয়ে আপত্তি জানান। একপর্যায়ে প্রকল্প পরিচালককে উদ্দেশ করে ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ বলতে শোনা যায়।

এ বিষয়ে প্রকল্প পরিচালক মোস্তফা কামাল জানান, বুধবার দুপুরে তিনি নিজ কার্যালয়ে ঢোকার পরপরই তার পেছনে পেছনে হাসানুর জামান মিন্টু ও মিলন নামে দুজন কক্ষে প্রবেশ করেন। তারা প্রকল্পের চলমান একটি ইলেকট্রনিক টেন্ডার তাদের দেওয়ার কথা বলেন। জবাবে তিনি জানান, নিয়ম অনুযায়ী টেন্ডারপ্রক্রিয়ায় অংশ নিয়ে যিনি যোগ্য বিবেচিত হবেন, তাকেই কাজ দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ সময় মিন্টু মুঠোফোনে একজনের সঙ্গে কথা বলেন। ফোনের অপর প্রান্ত থেকে তাকে গালাগাল করা হয়। এতে তিনি বিব্রত বোধ করেন এবং ফোন রাখতে বলেন। পরে মিন্টু যেকোনোভাবে টেন্ডারটি দেওয়ার জন্য চাপ দেন। অন্যথায় তাকে থাপ্পড় মারার হুমকি দেন এবং মারতে উদ্যত হন বলে অভিযোগ করেন প্রকল্প পরিচালক।

প্রকল্প পরিচালক জানান, গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে আলোচনা করেই এ শর্ত যুক্ত করা হয়েছে। তখন অপর ব্যক্তি ১৭ বছর বঞ্চিত থাকার কথা উল্লেখ করেন। জবাবে প্রকল্প পরিচালক বলেন, ‘নেতা আমিও ছিলাম।’ এরপরই উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে।

মোস্তফা কামাল আরও অভিযোগ করে বলেন, তিনি ঘটনার প্রতিবাদ করলে মিন্টু তাকে নানা ধরনের হুমকি দেন।

অভিযোগের বিষয়ে হাসানুর জামান মিন্টু বলেন, আমি কেন তাকে হুমকি দেব? থাপ্পড় দেওয়ার চেষ্টা করব কেন? এসব মিথ্যা। পিডির টেন্ডার দেওয়ার ক্ষমতা আছে। আমি তাকে থাপ্পড় দিতে যাইনি।