logo
প্রত্যাশা জয়নুল আবদিন ফারুকের

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ঐতিহ্য তৈরি করবে এশিয়া পোস্ট

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ঐতিহ্য তৈরি করবে এশিয়া পোস্ট
ছবি : এশিয়া পোস্ট

এশিয়া পোস্ট দেশে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ঐতিহ্য তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

সোমবার (১১ মে) সকালে এশিয়া পোস্টের উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্যে এমন প্রত্যাশার কথা জানান তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সংবাদপত্র জগতের মানুষকে আমার ভালো লাগে এই কারণে যে, সাংবাদিকতা করতে গিয়ে তারা নিষ্ঠুর আচরণ সহ্য করে সংবাদ প্রকাশ করেন। মালিকপক্ষের চাপ, সরকারের চাপ, সবকিছুর বাইরে গিয়ে তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করেন।

তিনি বলেন, এশিয়া পোস্টের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমন্বয় সাধন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে আরও বেগবান করে তুলবেন। আমি মনে করি, এশিয়া পোস্ট সুষ্ঠু সংবাদ প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ঐতিহ্য সৃষ্টি করবে। আল্লাহর কাছে সেই দোয়া করি।

উদ্বোধন উপলক্ষে সোমবার রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে এশিয়া পোস্টের অফিসের কার্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই গণমাধ্যমকর্মী, শিল্পী, রাজনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় সিক্ত এশিয়া পোস্ট পরিবার। ঢাকার বাইরেও জেলায় জেলায় উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে।