নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনকাঠামোর (পে-স্কেল) গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন বেতন কাঠামো, বাস্তবায়নের ধাপ এবং কোন কোন শ্রেণির কর্মচারী এর আওতায় থাকবেন তা জানানোর পাশাপাশি যারা এই সুবিধার বাইরে থাকবেন, তাও স্পষ্ট করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে অর্থ মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন বেতন গত ১ জুলাই (২০২৬) থেকে কার্যকর বলে গণ্য হবে।
গেজেট অনুযায়ী, প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত হলেও কয়েকটি শ্রেণির কর্মচারীর ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল, ২০২৬ প্রযোজ্য হবে না।
যারা পে-স্কেল পাবেন না
শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ অধ্যায়ের ৪ নম্বরে বলা হয়েছে, এই আদেশ নিম্নবর্ণিত ব্যক্তি, কর্মচারী ও শ্রমিক ব্যতীত প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত সকল কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যথা—
ক. বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিবর্গ;
খ. যে সকল বেসামরিক কর্মচারীকে প্রতিরক্ষা প্রাক্কলন হইতে বেতন প্রদান করা হয়, তাহারা ব্যতীত প্রতিরক্ষা সার্ভিসসমূহে নিয়োজিত কর্মচারীগণ;
গ. পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশে নিয়োজিত কর্মচারীগণ;

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের নির্দিষ্ট শ্রেণির শ্রমিক, শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থীদের নতুন বেতন স্কেলের আওতায় রাখা হয়নি।
আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তি, দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিক এবং চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন কর্মীরাও এই বেতন স্কেলের সুবিধা পাবেন না।
জাতীয় বেতনকাঠামো ২০২৬ কার্যকর হলেও শুরুতেই পুরো বর্ধিত বেতন দেওয়া হবে না। ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গেজেট অনুযায়ী, ৩০ জুন (২০২৬) একজন কর্মচারী যে বেতন পেয়েছেন বা পাওয়ার অধিকারী ছিলেন, তার সঙ্গে নতুন বেতন স্কেলে নির্ধারিত বেতনের পার্থক্য হিসাব করে প্রথম ধাপে নির্দিষ্ট অংশ দেওয়া হবে।
৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীদের ক্ষেত্রে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই পার্থক্যের ৪০ শতাংশ দেওয়া হবে। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ।
১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত দ্বিতীয় ধাপে ৯ম গ্রেড ও তদূর্ধ্বদের জন্য পার্থক্যের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের জন্য ৭৫ শতাংশ কার্যকর হবে।
২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী পুরো মূল বেতন কার্যকর হবে।

