কবে থেকে সরকারি চাকরিজীবীদের ঈদুল আজহার ছুটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে বন্ধের আগে একদিন সাপ্তাহিক ছুটিতেও অর্থাৎ শনিবার অফিস করতে হবে।
গত বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।
তবে ছুটির বিষয়ে এখনো কোনো সরকারি প্রজ্ঞাপন জারি করি হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
এদিকে সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মন্ত্রিসভার কিছু সিদ্ধান্ত ও প্রস্তুতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, গার্মেন্টসে তিন দফায় ছুটির বিষয়ে সরকারের দাবি রয়েছে। এখনো নিশ্চয়তা দিতে পারছি না। তবে তারা যেন তিন দিনে অথবা চার দিনে ধাপে ধাপে, যাদের ওই রকম কার্যাদেশ নেই, তারা একটু আগে গেল, এই বিবেচনার জন্য জোরালো দাবি জানিয়েছি। তারাও নিশ্চিত করেছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক প্রমুখ।
পরে মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদযাত্রা নিরাপদ ও যানজটমুক্ত রাখতে ২০-৩১ মে বিআরটিএ সদর দপ্তরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ পরিচালিত হবে। সেখানে ২৪ ঘণ্টা দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং পুলিশ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হবে।
এ ছাড়া ঈদ উপলক্ষে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য বিআরটিএর ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আরও ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন এবং অনিয়ম প্রতিরোধে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও ফুলবাড়িয়াসহ দেশের সব বাস টার্মিনালে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম থাকবে।
উল্লেখ্য, সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী আগামী ১৬ মে দেশটিতে আরবি জিলকদ মাসের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০ তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ মে।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।
আমাদের দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই ঈদ উদযাপিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।