‘২২ হাজার আইনজীবীর আহ্বানেই বার কাউন্সিল নির্বাচন স্থগিত’

আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান বলেছেন, দেশের ২২ হাজারের বেশি আইনজীবীর আহ্বানেই বার কাউন্সিল নির্বাচন স্থগিত হয়েছ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপি আখতার হোসেনের বার কাউন্সিল নির্বাচন নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে এনসিপির সদস্যসচিব ও বিরোধীদলীয় এমপি আখতার হোসেন বলেন, বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে জ্বালানি সংকট ইস্যুর কারণে। অথচ এই প্রতিষ্ঠানটি সংবিধিবদ্ধ। অ্যাডহক কমিটি দিয়ে চালু রাখা হয়েছে। সংসদে জ্বালানি সংকট নিয়ে কথা বললে সরকার একধরনের কথা বলে, আবার ওই একই ইস্যুকে সামনে রেখে সরকারি প্রতিষ্ঠানের নির্বাচন স্থগিত করা হয়।
তিনি আরও বলেন, জ্বালানি সংকটের কথা বলে বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাতে বার কাউন্সিল নির্বাচন স্থগিত করা হয়েছে। তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা। অ্যাডহক কমিটি এখনও চলমান রয়েছে। এবার গণতান্ত্রিক যাত্রার সুযোগ এসেছে, হঠাৎ কেন নির্বাচন বন্ধ হলো?
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বার কাউন্সিল। শুধু ঢাকা বার নয়, আরও কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে অনুরোধ এসেছে নির্বাচন পেছাতে। ২২ হাজারের বেশি আইনজীবীর আহ্বানেই নির্বাচন স্থগিত হয়েছে। সরকার কোনো হস্তক্ষেপ করেনি।