logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা । ছবি: বাসস

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। বুধবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড জানিয়েছে, সামরিক যোগাযোগ ও অংশীদারত্ব অব্যাহত রেখে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় দেশটি।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বার্তার শুরুতে বলা হয়, ‘বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা।’ ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বার্তাটি প্রচার করেছে।

Advertisement

২০২৬ সালে দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি তুলে ধরে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড। এক্ষেত্রে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়।

বার্তায় আরও বলা হয়, ‘২০২৬ সালজুড়ে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং টাইগার লাইটনিং মহড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে জোরদার করেছে।’

বার্তায় আরও উল্লেখ করা হয়, ‘এসব কার্যক্রম দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।’

দুই দেশের সামরিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড। এ প্রসঙ্গে বার্তায় বলা হয়, ‘অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।’

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও বিবৃতিতে তুলে ধরা হয়। ‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’ এই মূলমন্ত্র দিয়ে বার্তাটি শেষ করেছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।

সূত্র: বাসস