logo
Advertisement

এইচএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচিতেই অনুষ্ঠিত হবে : আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এইচএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচিতেই অনুষ্ঠিত হবে : আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
পরীক্ষার হলে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

দেশের চলমান বৈরী আবহাওয়ার মধ্যেও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার ফলে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।

Advertisement

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আমির আলী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অভিভাবকদের উদ্বেগের ব্যাখা দিয়ে বলা হয়, চট্রগ্রাম ব্যতীত দেশের বাকি বোর্ডগুলোর অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে। স্থানীয় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেখানে পরীক্ষা গ্রহণের সুষ্ঠু পরিবেশ বিদ্যমান। কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ কিছু কেন্দ্রে সকালে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের যাতায়াতে কিছুটা বিঘ্ন ঘটলেও স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষায় অংশ নিতে পেরেছে।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা বারবার স্থগিত করলে শিক্ষাবর্ষ জট, ফলাফল প্রকাশে বিলম্ব এবং উচ্চশিক্ষায় সেশন জটের আশঙ্কা থাকে। তাই অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থাপনায় একটি বোর্ডের কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয়।

তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন। বোর্ডের কাছে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের বৈরী আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে কেন্দ্রে রওনা হওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়েছে।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে উপস্থিত হওয়ার বিষয়টি বিবেচনা করে এবং স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে শুধু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।