যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা হবে

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে করা বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নের আগে জাতীয় সংসদে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য চুক্তিটি ছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বিভিন্নভাবে আরও অনেক চুক্তি আছে। এসব চুক্তি বাংলাদেশের অর্থনীতি, সাধারণ মানুষ এবং বিশেষ করে বেসরকারি খাতকে প্রভাবিত হবে। তাই প্রত্যেকটা চুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব।
তিনি বলেন, চুক্তিগুলো বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই আলোচনা হবে। জাতীয় সংসদে হবে, সংসদের বাইরেও আলোচনা হবে। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনা হবে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে দিল্লিকে কোনো চিঠি দেয়নি। তবে, দায়িত্ব গ্রহণের পর ঢাকার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে একাধিক বৈঠকে শেখ হাসিনাসহ পলাতক অন্যদের ফেরত আনার বিষয়ে মৌখিকভাবে জানানো হয়েছে। এটি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে।
এ সময় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবিলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশ যে আগ্রহের কথা জানিয়েছিল, সে বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।
এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিতে সব মিশন কাজ করছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ইরানে থাকা ২ হাজারের বেশি বাংলাদেশি দেশটিতে নিরাপদে আছেন। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে।
ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের বিষয়ে তিনি বলেন, শরিফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের কাছ থেকে এখনও কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। তবে দ্রুতই অ্যাক্সেস পাওয়া যাবে বলে আশা করছি। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার।