logo

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা আটক

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা আটক

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক শিক্ষার্থীর নাম মাহি চৌধুরী অর্ণব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আটক মাহি জাতীয়তাবাদী ছাত্রদলের মুহসীন হল শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাবি ছাত্রদলের নেতারা।

ভুক্তভোগী অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা এশিয়া পোস্টকে বলেন, ‘মাহি চৌধুরী একজন প্রতারক। তার বিরুদ্ধে তিন থেকে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।’

তিনি জানান, শনিবার তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, ‘আমরা পাঁচজন ঢাবি থেকে এসেছি। সে বিশ্ববিদ্যালয়ের ১২ থেকে ১৫ জন শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নিয়েছে। আমাদের কাছে এ সংক্রান্ত হিসাব রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব। হল প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হবে।’

তবে মাহিকে ছাত্রদল থেকে আগেই বহিষ্কার করা হয়েছে বলে এশিয়া পোস্টকে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি। তিনি বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহি চৌধুরী অর্ণবকে গত মার্চ মাসেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।’

এ বিষয়ে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।