হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ওএইচসিএইচআর) একটি আনুষ্ঠানিক নোট ভারবাল প্রেরণ করেছে।
ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।
জেনেভার বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়ামাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণয়কে অবহিত করা হবে।
বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে যে, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।