এইচএসসি পরীক্ষার্থীদের আগেভাগে বের হওয়ার আহ্বান পুলিশের

এশিয়া পোস্ট প্রতিবেদক
এইচএসসি পরীক্ষার্থীদের আগেভাগে বের হওয়ার আহ্বান পুলিশের
ছবি: সংগৃহীত

রাজধানীতে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে যানজটের আশঙ্কা থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

রোববার (১২ জুলাই) সকাল ৮টার দিকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে যান চলাচলে বিঘ্ন এবং যানজট সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের বেশ আগেই বাসা থেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে ও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন।

পুলিশ জানিয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে।

একই সঙ্গে অভিভাবক ও সাধারণ নাগরিকদের প্রতি ধৈর্য ধরে চলাচল এবং পরীক্ষার্থীদের যাতায়াতে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার গভীর রাত থেকে রাজধানীতে টানা ভারী বৃষ্টি হচ্ছে। এতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং অনেক সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে আগেভাগে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।