১৪ উড়োজাহাজ কিনতে বোয়িং-বিমানের চুক্তি সই

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রায় ৩৭ হাজার কোটি টাকায় এ চুক্তি সম্পন্ন করা হয়। এর মধ্যে থাকছে ১০টি ওয়াইড-বডি ৭৮৭ ড্রিমলাইনার এবং চারটি ন্যারো-বডি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই দুই সংস্থার মধ্যে ক্রয়চুক্তি সই হয়।
বিমানের বহর সম্প্রসারণের লক্ষ্যে এই ঐতিহাসিক চুক্তি সই করেছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চুক্তি অনুযায়ী, ১৪টি বোয়িং উড়োজাহাজে ব্যয় হবে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। ১০ থেকে ২০ বছর মেয়াদে কিস্তিতে এই টাকা পরিশোধ করা হবে। ২০৩১ সালের অক্টোবরে বোয়িংয়ের প্রথম উড়োজাহাজ এবং ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে বাকিগুলো বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সমৃদ্ধ একটি এভিয়েশন খাত পর্যটন, যাত্রীসেবা ও কর্মসংস্থান তৈরিতে অবদান রাখে। নতুন এই যাত্রা নিউইয়র্কসহ বিভিন্ন রুটের যোগাযোগ ও সুযোগ-সুবিধা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি খাতকে শক্ত অবস্থান নিতে কাজ করছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বলেন, জ্বালানি সাশ্রয়ী ও প্রযুক্তিগতভাবে উন্নত নতুন উড়োজাহাজগুলো বিমানের বহর আধুনিকীকরণ, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়ক হবে। এতে বৈশ্বিক এভিয়েশনের বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।