ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম ও বিটুবি ম্যাচমেকিং অনুষ্ঠিত

দেশে প্রথমবারের মতো ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম ও বিটুবি ম্যাচমেকিং অনুষ্ঠিত হয়েছে। ‘সম্ভাবনার ব্যবহার, আস্থার একত্রীকরণ, যৌথ উন্নয়ন’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাজার উন্নয়ন বিভাগ, বাংলাদেশের ভিয়েতনাম দূতাবাস ও ভিয়েতনামি বিজনেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (ভিবিএস) যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে ২১৫টিরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি ভিয়েতনামের ২৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনে সফটওয়্যার তৈরি, প্রি-ইঞ্জিনিয়ার্ড স্টিল বিল্ডিং, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সার উৎপাদন, কৃষি ও বনজ পণ্য প্রক্রিয়াকরণ, পর্যটন এবং আমদানি-রপ্তানি খাতের প্রতিষ্ঠানসমূহ অন্তর্ভুক্ত ছিল। এবারই প্রথম ভিয়েতনামে তৈরি মেকানিক্যাল যন্ত্রপাতি ও ইলেকট্রিক মোটর এবং ভিয়েতনামে উন্নত চিকিৎসা পর্যটন সেবা বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নুগুয়েন মান কুওং বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছরের অর্জনকে উদযাপন করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে এখনও প্রচুর সম্ভাবনা রয়ে গেছে। ভিয়েতনাম দূতাবাস দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া ও আঞ্চলিক সহযোগিতা বিভাগের প্রধান লে থি মাই আন বলেন, উভয় দেশের বাজারের আকার এবং পরিপূরক অর্থনীতি একে অপরের জন্য অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। যৌথ প্রবৃদ্ধি অর্জনের জন্য আমাদের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে হবে।
ভিবিএসের সভাপতি দো ভান ট্রং বলেন, আমরা ব্যবসায়ী সম্প্রদায়ের পাশে থাকতে এবং অনুষ্ঠান পরবর্তী সময়েও বাংলাদেশ-ভিয়েতনাম বাণিজ্য ও বিনিয়োগের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে সর্বদা প্রস্তুত।
অনুষ্ঠানের বিটুবি অধিবেশনে বাংলাদেশি ও ভিয়েতনামের একাধিক প্রতিষ্ঠান-সংস্থার মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে ভিয়েতনামের শীর্ষস্থানীয় হাই-টেক ওয়েল্ডিং মেশিন এবং মেকানিক্যাল পণ্য বাংলাদেশে বাজারজাতকরণের জন্য হং কি কোম্পানি ও বাংলাদেশের পদ্মা কমিউনিকেশনসের চুক্তি হয়। আর বাংলাদেশি নাগরিকদের ভিয়েতনামে চিকিৎসা সেবার উদ্দেশে এশিয়া ডিএমসি ভিয়েতনাম ও রূপসা এয়ার সার্ভিসেসের মধ্যেও একটি চুক্তি হয়।
এছাড়াও পৃথক আরেক চুক্তির আওতায় বাংলাদেশ-ভিয়েতনাম ডেভেলপমেন্ট সাপোর্ট কোম্পানি এবং টেলি টেল কমিউনিকেশনস যৌথভাবে ভিয়েতনাম-বাংলাদেশ হাউস প্রতিষ্ঠা করতে সম্মত হয়। উভয় দেশের দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই প্রকল্পটির মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়, আইনি সচেতনতা, বাংলা ও ভিয়েতনামি ভাষা শিক্ষা এবং উভয় দেশের পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।