logo

কাইল্লা পলাশকে গুলির ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

কাইল্লা পলাশকে গুলির ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলির চাঞ্চল্যকর ঘটনায় মো. মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

রোববার (১৪ জুন) রাজধানীর হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ সুলতান মৌলভীবাজার জেলার রুপসপুর গ্রামের টিপু সুলতানের ছেলে।

র‍্যাব জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশের সঙ্গে গ্রেপ্তার আসামি ও তার সহযোগীদের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে তারা পলাশকে হত্যার সুযোগ খুঁজছিল।

গত ১২ জুন জুমার নামাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে পশ্চিম রামপুরার বিটিভি ভবনের বিপরীতে লাবিবা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পৌঁছালে মারুফ সুলতান ও তার সহযোগীরা পলাশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পলাশ মাথায় গুলিবিদ্ধ হন।

পরে ঘটনাস্থলে উপস্থিত পলাশের ছেলে ইউসুফ খান পলক ও স্থানীয় লোকজন তাকে অটোরিকশায় করে রামপুরার ডেল্টা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ১৩ জুন হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে র‍্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে। সাক্ষীদের দেওয়া তথ্য, আলামত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মারুফ সুলতানকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।