logo

সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়ার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া। ছবি: সংগৃহীত

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয় সে বিষয়ে সতর্ক থাকা। ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা-সংশ্লিষ্ট যেকোনো পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই নেওয়া হবে।

এ সময় ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সারা দেশে কোরবানির হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে। কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁদাবাজি, অতিরিক্ত ইজারা আদায় কিংবা হয়রানির অভিযোগ জানাতে ১৬৬১৩ নম্বরে হটলাইনে ফোন দেওয়ার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য পুলিশ সদরদপ্তরে বিশেষ সেল গঠন করা হবে। ঈদের আগে সাতদিন এবং ঈদের পর সাতদিন এই মনিটরিং সেল কার্যক্রম চালাবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক, লঞ্চঘাট, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি কোরবানির পশুরহাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি হাট থাকবে।