বিশ্ব বসতি দিবসে প্রধানমন্ত্রী/সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

সীমিত ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির আবাসন সুনিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রাজধানী ঢাকা শহরের ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানোর পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের ওপর থেকে চাপ কমাতে রাজধানীর সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ করার কাজ চলছে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করে নগরমুখী মানুষের প্রবাহ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে নগরায়ণ নিয়ে সরকারের দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঢাকার আশপাশে দ্বিতীয় আধুনিক শহর (স্যাটেলাইট সিটি) গড়ে তোলার পরিকল্পনা করছে বর্তমান সরকার। তা ছাড়া প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, টেকসই নগরায়ণ এবং সুষম আঞ্চলিক উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।’
বর্তমান বৈশ্বিক বাস্তবতার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘সাম্প্রতিক বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আমাদের নানা নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি দাঁড় করিয়েছে। তবে এই পরিবর্তিত পরিস্থিতিতে নগর জীবনের নানা সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
