logo
Advertisement

প্রক্সিতে পার লিখিত-মৌখিক, চাকরিতে যোগ দিতে এসে ধরা প্রার্থী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
প্রক্সিতে পার লিখিত-মৌখিক, চাকরিতে যোগ দিতে এসে ধরা প্রার্থী
আটক রিপন হোসেন। ছবি: পিএসসির সৌজন্য

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিস সহায়ক পদে চাকরি পেতে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ব্যবহার করার অভিযোগে রিপন হোসেন নামে এক প্রার্থীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চাকরিতে যোগদানের জন্য পিএসসি সচিবালয়ে গেলে পরিচয় যাচাইয়ের সময় তাকে আটক করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় এজাহারও দেওয়া হয়েছে।

রিপন হোসেন মানিকগঞ্জের সাটুরিয়া থানার বাহা গ্রামের স্থায়ী বাসিন্দা। অফিস সহায়ক পদে তার রোল নম্বর ছিল ২১০১১৮৭।

পিএসসি সচিবালয় সূত্রে জানা যায়, নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার চাকরিতে যোগ দিতে কমিশন সচিবালয়ে উপস্থিত হন রিপন হোসেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই শুরু করেন।

পরিচয় যাচাইয়ের সময় তার প্রবেশপত্রের ছবির সঙ্গে মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারা মিলিয়ে দেখা হয়। এতে তার পরিচয় নিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়।

বিষয়টি উপপরিচালক শোভন সমাদ্দারকে জানানো হলে তিনি উপসচিব ওয়াসিমুল বারীকে অবহিত করেন। পরে কর্মকর্তারা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিপন হোসেন প্রতারণার কথা স্বীকার করেন। তিনি জানান, লিখিত ও মৌখিক—কোনো পরীক্ষাতেই তিনি নিজে অংশ নেননি। দুই পরীক্ষাতেই তার হয়ে প্রক্সি পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

অপরাধ স্বীকারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় এজাহার দায়ের করা হয়েছে।