রাশিয়ায় ইয়ুথ ফেস্টিভ্যালে সাংবাদিক নিবন্ধন চলছে, সব খরচ আয়োজকদের

আসন্ন ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ (আইএফওয়াই)-২০২৬’ কাভার করতে ইচ্ছুক সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। এজন্য স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং নিউ মিডিয়ার (সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মিডিয়া) কনটেন্ট ক্রিয়েটরদের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর দেশটির ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য এই আসরে উপস্থিত থেকে কাভার করতে আগ্রহী সাংবাদিকদের জন্য ‘অ্যাক্রেডিটেশন’ বা নিবন্ধনের আবেদন গ্রহণ করছে আয়োজকরা। গত ৫ মে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়ায় আগামী ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেস্টিভ্যালের আয়োজক ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর জানায়, রাশিয়া এবং রাশিয়ার বাইরের যেকোন দেশের আগ্রহী সাংবাদিক বা গণমাধ্যমের পক্ষে মনোনীত কর্মী অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করতে পারবেন। অধিদপ্তরের ‘ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অফ অপরচুনিটিজ’ এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে গণমাধ্যম প্রতিনিধি ও কনটেন্ট ক্রিয়েটরদের উক্ত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর তারা নির্ধারিত লিংকের মাধ্যমে ফেস্টিভ্যাল ভেন্যুতে কাজের জন্য অ্যাক্রেডিটেশনের আবেদন জমা দিতে পারবেন।
এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক দিমিত্রি ইভানভ জানান, আইএফওয়াই–২০২৬ ভেন্যুতে একটি আন্তর্জাতিক মিডিয়া সেন্টার স্থাপন করা হবে। এখানে সাংবাদিকদের জন্য থাকবে ওয়ার্কস্টেশন, বিশ্রাম এলাকা, প্রেস ব্রিফিং ও প্রেস কনফারেন্সের (প্রতিদিন অনুষ্ঠিত হবে) জন্য নির্ধারিত স্থান, এবং সাক্ষাৎকার ধারণের জন্য বিশেষ স্টুডিও। এ ছাড়া ইয়েকাতেরিনবার্গে শহরের ভেতরে যাতায়াতের জন্য ট্রান্সফার সার্ভিস এবং ভেন্যুতে ক্যাটারিং সুবিধাও প্রদান করা হবে।
এক প্রশ্নের জবাবে অধিদপ্তরের পক্ষ থেকে এশিয়া পোস্টকে জানানো হয়, অনুমোদিত সাংবাদিকদের নিজ দেশ থেকে রাশিয়ায় ভ্রমণের যাবতীয় ব্যবস্থা এবং খরচও বহন করবে আয়োজকরা।
দিমিত্রি ইভানোভ বলেন, রাশিয়া ও আন্তর্জাতিক অঙ্গনের মিডিয়া প্রতিনিধি এবং কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করছি। শুধু মিডিয়া কমিউনিটিকে আমন্ত্রণ জানাতেই নয়, তাদের জন্য সর্বোচ্চ স্বাচ্ছন্দ্যপূর্ণ ও কার্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ। অনুমোদিতা সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে অধিকতর প্রবেশাধিকার পাবেন, শীর্ষস্থানীয় বক্তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন এবং বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। মিডিয়া সেন্টারটি হবে একটি পূর্ণাঙ্গ কর্মক্ষেত্র, যেখানে মিডিয়া স্বেচ্ছাসেবকরা সাংবাদিকদের সহায়তা করবেন। আমরা সহযোগিতার জন্য উন্মুক্ত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মিডিয়া প্রতিনিধি ও কনটেন্ট ক্রিয়েটরদের ২০২৬ সালের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যুব ইভেন্টটি কভার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
তিনি আরও জানান, উৎসবটিতে বিশ্বজুড়ে অন্তত ৫০০ জন মিডিয়া প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
রাশিয়ার সিরিয়াস রাজ্যে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৪ আয়োজনের মধ্যে দিয়ে রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নিয়ে আয়োজিত এই উৎসবের যাত্রা শুরু। এই ধারাবাহিকতা বজায় রাখতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনায় দেশটিতে প্রতিবছর আন্তর্জাতিক যুব ইভেন্ট আয়োজন করা হচ্ছে। গত বছর নিজনি নভোগরদ শহরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি-২০২৫’ এ ১২০টি দেশের দুই হাজার যুব প্রতিনিধি অংশ নেন।
‘রাশিয়ার সঙ্গে, স্বপ্ন পূরণ করুন’ প্রতিপাদ্যে এবারের আয়োজনে বিশ্বের ১৯১টি দেশের ১০ হাজার প্রতিনিধি অংশ নেবেন।