ঈদ শেষে ফিরতি যাত্রা
ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হচ্ছে আজ

পবিত্র ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার বিক্রি হচ্ছে ৩১ মের টিকিট।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে বিক্রি হবে ১ জুনের অগ্রিম টিকিট, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের অগ্রিম টিকিট।
যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
