logo

আজ থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

আজ থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের অধিবেশন দিনে দুই বেলা (দুই সেশনে) পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে তা কার্যকর হয়েছে। এদিন প্রথম সেশন সকাল সাড়ে ১০টায় শুরু হয়, যা দুপুরে মুলতবি দেওয়া হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় সেশন শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।

সোমবার (৬ এপ্রিল) কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংসদে জানান চিফ হুইপ নূরুল ইসলাম।

তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশ ৯ এপ্রিলের মধ্যে পাস করতে হবে। সময় স্বল্পতার কারণে মঙ্গলবার থেকে সকাল-বিকেল দুই বেলা অধিবেশন বসবে। প্রয়োজনে শুক্রবারও বৈঠক চলবে।

এদিকে সোমবার অধিবেশনে আছরের নামাজের জন্য ২০ মিনিট বিরতি দেওয়া হলেও এক ঘণ্টার বেশি সময় পর বৈঠক পুনরায় শুরু হয়। বৈঠক দেরিতে শুরুর কারণ সংসদে ব্যাখ্যা দেন চিফ হুইপ।

তিনি আরও জানান, সময় সংকটের কারণে সব বিলের কপি আগাম সরবরাহ করা সম্ভব হয়নি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।