আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে প্রতারণার ফাঁদ, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

অনলাইনে সহজে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি ধর্মীয় ব্যক্তিত্ব ও সামাজিক প্রতিষ্ঠানের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ও বুধবার (১ জুলাই) গাজীপুর ও জামালপুর থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নীরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া একটি মামলা তদন্তের জন্য ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে হস্তান্তর করা হয়। পরে এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করে প্রতারক চক্রটির কার্যক্রমের তথ্য উদ্ঘাটন করে।
তদন্তে জানা যায়, চক্রটি অনলাইনে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন বিনিয়োগ স্কিমে যুক্ত হতে উৎসাহিত করত। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য তারা ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’ ও ‘শায়খ আহমাদুল্লাহর’ নাম, ছবি ও পরিচিতির অপব্যবহার করে ভুয়া ওয়েবসাইট এবং ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করছিল।
পুলিশ জানায়, প্রতারকরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রিয় ওয়েবসাইট ও ফেসবুক পেজের সঙ্গে মিল রেখে প্রায় একই ধরনের ডোমেইন ও পেজ তৈরি করত। এসব প্ল্যাটফর্মে প্রকাশিত বিজ্ঞাপন দেখে অনেকেই বিশ্বাস করে সেখানে উল্লিখিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ পাঠাতেন। পরে বিনিয়োগের নামে সেই অর্থ আত্মসাৎ করত চক্রটি।
ডিবি জানায়, গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে গত ৩০ জুন সকালে ঢাকার আশুলিয়ার জিরানী বাজার এলাকার কাবাব প্লাজায় অভিযান চালিয়ে বাবলু ওরফে সূর্য এবং শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় অভিযান চালিয়ে তুষার মিয়া, আতিকুর রহমান ওরফে নীরব রানা এবং লিখন ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১ জুলাই) ভোরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রাখালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রটির আরেক সদস্য শাকিল রানাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।





