রাষ্ট্রপতির বিদেশ সফরের রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় অনুসরণীয় রাষ্ট্রীয় প্রটোকলে পরিবর্তন এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে রাষ্ট্রপতির বিদেশ সফরের সময় বিমানবন্দরে উপস্থিত থাকা উচ্চপদস্থ কর্মকর্তার সংখ্যা কমিয়ে সাতজনে নির্ধারণ করা হয়েছে।
এ সংক্রান্ত নতুন নির্দেশনা গত ৪ মে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকার রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে সীমিতসংখ্যক প্রতিনিধির উপস্থিতি রাখার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরে উপস্থিত থাকবেন— মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।
এর আগে, সর্বশেষ ২০১৭ সালের ১৬ মে রাষ্ট্রপতির বিদেশ সফরসংক্রান্ত রাষ্ট্রাচার নিয়ে নির্দেশনা জারি করা হয়েছিল। সে সময়কার বিধান অনুযায়ী, বিমানবন্দরে মোট ১৩ জন কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।