পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: তথ্যমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: এশিয়া পোস্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

তথ্যমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি একটি জনসম্পৃক্ত সামাজিক উদ্যোগ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই এ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে।

তিনি উল্লেখ করেন, ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিণ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিম ও আমগাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর জনকল্যাণমূলক তৎপরতাও অব্যাহত রাখতে হবে। রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়, জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর প্রক্রিয়াও বটে। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্য দিয়েই সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটাতে হবে।

প্রধানমন্ত্রীর বরিশাল সফর প্রসঙ্গে তিনি বললেন, এ সফর মূলত বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হচ্ছে। সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে দলের গুরুত্বপূর্ণ নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদ এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে স্বাগত জানান।

বিষয় :বরিশাল