logo

তরুণদের হাত ধরেই এগোবে দেশ: আমিনুল হক

তরুণদের হাত ধরেই এগোবে দেশ: আমিনুল হক

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিল্যান্সার প্রশিক্ষণ কর্মসূচি বড় ভূমিকা রাখছে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে প্রিয় দেশ। সুযোগ পেলে আমাদের তরুণরা বিশ্বজয় করতে পারে, সেটি ইতোমধ্যে প্রমাণ হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ফ্রিল্যান্সার প্রশিক্ষণের ষষ্ঠ ব্যাচের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে জেনেছি প্রশিক্ষণের মাধ্যমে কাজ শেষ করে অনেক শিক্ষার্থী আয় করছেন। ইতোমধ্যে ২২ কোটি টাকার বেশি আয় হয়েছে, যা দেশের তরুণদের সম্ভাবনার বাস্তব প্রমাণ।

তিনি আরও বলেন, নিজে সফল হয়ে অন্যদের জন্য অনুপ্রেরণা হতে হবে।

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের সাফল্যের গল্প আরও বেশি প্রচার করা প্রয়োজন, যাতে অন্য তরুণরা উদ্বুদ্ধ হয় এবং এগিয়ে আসতে পারে।

সরকার তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে। একই সঙ্গে একটি সমন্বিত ডাটাবেজ সংরক্ষণ এবং যুব কাউন্সিল গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে দেশের সব তরুণকে একটি প্ল্যাটফর্মে আনা যায়।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের সচিব মাহবুবুল আলম বলেন, আগে ৪৮ জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকলেও এবার তা সারা দেশে বিস্তৃত করা হয়েছে।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, পরিশ্রম ও ধারাবাহিক চেষ্টা থাকলে এই খাত থেকে সফল হওয়া সম্ভব।

এ সময় পঞ্চম ব্যাচের প্রশিক্ষণার্থী চাঁপাইনবাবগঞ্জের সুভাষ চৌধুরী নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, তিনি এই প্রশিক্ষণের মাধ্যমে ইতোমধ্যে ২ হাজার ডলারের বেশি আয় করেছেন। নতুনদের উদ্দেশে তিনি বলেন, চেষ্টা করলেই সফল হওয়া সম্ভব।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।

প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ৩ মাস মেয়াদি এ কোর্সের মোট সময়সীমা ৬০০ ঘণ্টা। দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার কর্মপ্রত্যাশী ৪ হাজার ৮০০ তরুণ-তরুণী এতে অংশ নিয়েছেন।

তিন মাস মেয়াদি ষষ্ঠ ব্যাচের ক্লাস ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত চলবে। সপ্তাহে ৬ দিন ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে। মোট ৭৫টি ক্লাসে ৬০০ ঘণ্টা সময় লাগবে। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে।