টেলিকম সেবা নিরবিচ্ছিন্ন রাখতে সভা ডেকেছে বিটিআরসি

জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতে দেশে নিরবিচ্ছিন্ন টেলিকম সেবা এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনা সচল রাখতে সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে বিশেষ সভা করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
এ বিষয়ে বুধবার (২২ এপ্রিল) ও বৃহস্পতিবার পৃথক দুইটি সভা আহ্বান করেছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। টেলিযোগাযোগ খাতের বিভিন্ন অবকাঠামোতে জ্বালানি তেল সরবরাহ এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সভা দুইটি হবে। এ লক্ষ্যে মঙ্গলবার সংশ্লিষ্ট পক্ষগুলোকে চিঠি দিয়েছে বিটিআরসি।
পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিকম টাওয়ার এবং সার্ভার প্রায়ই ডাউন (অকার্যকর) হচ্ছে। এতে টেলিযোগাযোগ খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। ইতোমধ্যে মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) এবং নেটওয়ার্ক টাওয়ার সাংগঠনিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটে এসব অবকাঠামোতে নিরবিচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে সভার উদ্যোগ নিয়েছে বিটিআরসি।
বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে টেলিকম অবকাঠামোগুলোতে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে প্রথ সভা হবে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান, সব মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর এবং টাওয়ারকো অপারেটরদের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং টেলিকম প্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যামটবের মহাসচিবকে উপস্থিত থাকতে চিঠি দেওয়া হয়েছে।
একইসঙ্গে বৃহস্পতিবার একই সময়ে নিজেদের কার্যালয়ে টেলিকম অবকাঠামোগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে আরেকটি সভা আহ্বান করেছে বিটিআরসি। এই সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোপানি লিমিটেড, পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) এবং সব এমএনও, এনটিটিএন অপারেটর এবং টাওয়ারকো অপারেটরগুলোর এমডি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে বিটিআরসি।