সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে রোববার (১৫ মার্চ)। বেলা ১১টা থেকে অধিবেশন শুরু হবে। এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হয়। ওই দিন অধিবেশন শেষে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ সংসদের কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের কার্যসূচি অনুযায়ী, দিনের শুরুতে থাকবে প্রশ্নোত্তর পর্ব। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন ও তার উত্তর দেওয়া হবে। জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য বিধি-৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি করা হবে।
এ ছাড়া দিনের কার্যসূচিতে রয়েছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর আলোচনা।
এদিকে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সংসদের প্রথম অধিবেশন চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনের কেবিনেট কক্ষে শনিবার অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
বৈঠকে আলোচনা হয়, সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে। সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করা হবে।
আজকের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং সিদ্ধান্ত-প্রস্তাব সংখ্যা (বিধি-১৩১) এ নোটিশ পাওয়া গেছে ৯৭টি।