আইশৃঙ্খলা বাহিনীর মূলভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস: আইজিপি

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, একটি আধুনিক জনবান্ধব আইশৃঙ্খলা বাহিনীর মূল ভিত্তি হল জনগণের আস্থা ও বিশ্বাস। এই আস্থা অর্জন অটুট রাখা আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই লক্ষ্য অর্জনে আমাদের প্রতিটি পদক্ষেপ হবে পেশাদারিত্ব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক এবং মানবিক মূল্যবোধ সমৃদ্ধ।
সোমবার (১৮ মে) দুপুরে র্যাব সদরদপ্তরের বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি আলী হোসেন ফকির বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি, মানবাধিকার সমুন্নত রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠা আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত।
তিনি বলেন, দায়িত্ব পালনে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।
পুলিশ প্রধান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব ফোর্সেস সন্ত্রাসবাদ দমন, বনদস্যু, জলদস্যু প্রতিরোধ, মাদক নির্মূল, চোরাচালান রোধ এবং কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন ধরনের সঙ্ঘবদ্ধ অপরাধ মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, র্যাব তাদের পেশাদারিত্ব ও কৌশলগত দক্ষতার সাথে এটি কার্যকর বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।
আলী হোসেন বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, র্যাব ভবিষ্যতেও তাদের অর্জিত সুনাম অক্ষুন্ন রেখে আরও উন্নত আধুনিক জনবান্ধব বাহিনী হিসেবে দেশের নিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমি তাদের পেশাগত সাফল্য, সুস্বাস্থ্য, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।