এই বিজয় হোক সাম্যের অঙ্গীকার: আনসারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে তারেক রহমানকে নিয়ে দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
পোস্টে মুশফিকুল ফজল আনসারী লেখেন, ‘প্রাণঢালা অভিনন্দন প্রধানমন্ত্রী (ইলেক্ট) জননন্দিত মজলুম জননেতা তারেক রহমানকে। এই ঐতিহাসিক বিজয় শুধু একটি দল কিংবা জোটের নয়; এটি দীর্ঘ প্রতীক্ষিত জনগণের বিজয়, গণতন্ত্রের পুনর্জাগরণের এক উজ্জ্বল সূর্যোদয়। বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জোটের সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন। শুভেচ্ছা বিজিত দল ও জোটের নির্বাচিত সদস্যসহ অংশগ্রহণকারী সকলকে, কারণ গণতন্ত্রের সৌন্দর্য কেবল প্রতিযোগিতায় নয়, অংশগ্রহণের মহিমায়।’
তিনি আরও লেখেন, ‘গভীর কৃতজ্ঞতা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, শত প্রতিকূলতার মধ্যেও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। আন্তরিক ধন্যবাদ নির্বাচন কমিশনকে—জনগণের ভোটাধিকার বাস্তবায়নের এই মহাযজ্ঞে তাদের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
‘অভিবাদন দেশপ্রেমের প্রতীক সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মীবাহিনীকে। আপনাদের ত্যাগ, সততা ও দায়িত্ববোধেই নিরাপদ হয়েছে গণতন্ত্রের এই মহাসড়ক।’
সবশেষে মুশফিকুল ফজল আনসারী লেখেন, ‘বিশেষ ধন্যবাদ ও শুভকামনা জাতীয়তাবাদী রাজনীতির এক সম্ভাবনাময় উত্তরাধিকার ব্যারিস্টার জাইমা রহমানকে, নতুন প্রজন্মের প্রেরণা ও সম্ভাবনার প্রতীক হিসেবে যার পদচারণা ভবিষ্যতের বাংলাদেশকে আরও আলোকিত করবে। আজকের এই বিজয় হোক সাম্যের অঙ্গীকার, উন্নয়নের প্রতিশ্রুতি এবং একটি মানবিক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সাহসী পদক্ষেপ। হাজারো শহীদের রক্তে ভেজা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এগিয়ে যাক জনগণের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য, শান্তি, সমৃদ্ধি, মর্যাদা ও প্রজ্ঞায়।’