অপরাধের ধরন বদলালেও পুলিশকে আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের ধরন পরিবর্তিত হলেও পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধ প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়লেও পুলিশের আধুনিকায়নে ঘাটতি রয়ে গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পাল্টে গেছে। অপরাধ প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করতে হচ্ছে। তবে পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি।
পুলিশের সক্ষমতা বাড়াতে থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার নিরাপত্তা ল্যাব স্থাপন করা হবে বলেও জানান তিনি।
অপরাধের পেছনে মাদক ও জুয়াকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে আলোচিত রামিসা হত্যা মামলার আসামিও মাদক ও জুয়ার সঙ্গে জড়িত ছিল।
অপরাধের মূল কারণ অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অপরাধ কেবল একটি বাহ্যিক উপসর্গ (সিম্পটম)। এর মূল কারণ (রুট কজ) খুঁজে বের করে গোড়ায় আঘাত করতে হবে। সমাজে সংঘটিত বিভিন্ন ঘৃণ্য ও চাঞ্চল্যকর অপরাধ বিশ্লেষণ করলে দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রেই মাদক ও জুয়া অপরাধের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন, অপরাধীকে সাজা দেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার সামাজিক কারণগুলোও বিশ্লেষণ করতে হবে। অপরাধের উৎসে সমাধান নিশ্চিত করা গেলে সমাজে অপরাধের হার কার্যকরভাবে কমানো সম্ভব।
ক্রাইম রিপোর্টারদের ঝুঁকি নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রাইম রিপোর্টারদের জন্মই হয়েছে ঝুঁকি নিয়ে কাজ করার জন্য।
ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়ে কাজ করা যেতে পারে বলেও জানান তিনি।
প্রচলিত আইনের সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা আবার জামিনে বেরিয়ে আসছে।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বক্তব্য দেন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।


