ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সঙ্গে জনপ্রশাসন উপদেষ্টার সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নেইল গান্ধী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের সদস্য শাহনাজ করিম এবং এশিয়া ফাউন্ডেশনের বিএসইএ টিম লিডার সারা এল টেইলর।
সাক্ষাতের শুরুতে উপদেষ্টা বাংলাদেশকে অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে সহযোগিতা অব্যাহত রাখার জন্য যুক্তরাজ্য সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য শাহনাজ করিম বাংলাদেশের বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান।
জবাবে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশাসনে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এর ফলে প্রশাসন তার গৌরব ও সক্ষমতার অনেকাংশ হারিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মেরিটোক্রেসিভিত্তিক প্রশাসন গঠনের লক্ষ্যে কাজ করছে।
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে ব্রিটিশ প্রতিনিধি দল। এ বিষয়ে উপদেষ্টা বলেন, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের জন্য যুক্তরাজ্যের এমএটিটি (ম্যানেজিং অ্যাট দ্য টপ) কর্মসূচির আদলে প্রশিক্ষণ এবং বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রসহ (বিপিএটিসি) আঞ্চলিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে প্রতিনিধি দল ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং পরিচালক মো. মনিরুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।