কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত কয়েদির নাম মো. লাবলু মিয়া (৪২)। তার কয়েদি নম্বর ৬৭৩/এ। তার বাবার নাম আব্বাস মিয়া। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কারারক্ষী মো. রাসেল জানান, সকালে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন লাবলু মিয়া। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।