রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রত্যেকটি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে খুনাখুনি হয়। এ খুনাখুনি যাতে না হয়, সেজন্য সবার সহযোগিতা নিয়ে আমরা নির্বাচন করব।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এনফ্রেল) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনফ্রেলের চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
তিনি বলেন, আমি যোগ দিয়ে বলেছিলাম চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা ও সাহস আমার রয়েছে। সবার সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এ ইলেকশনটা ডেলিভার করেছি।
সেই নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় সরকারের নির্বাচনও করতে চান উল্লেখ করে সিইসি বলেন, আশির দশকে এরশাদের শাসনামলে স্থানীয় নির্বাচনে অনেক মার্ডার হয়েছে। মারামারি করে আহতদের দিয়ে হাসপাতালগুলো ভরে যেত। এ সহিংসতা থামাতে হবে। সহিংসতা থামানো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
নাসির উদ্দিন বলেন, প্রত্যেকটি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে খুনাখুনি হয়। এ খুনাখুনি যাতে না হয়, সেজন্য সবার সহযোগিতা নিয়ে আমরা নির্বাচন করব। কোনো ধরনের যাতে রক্তপাত না হয়, সেটাই মূল লক্ষ্য। এ সরকার জনগণের প্রতিনিধি। এ গণতান্ত্রিক সরকার চাইবে— স্বচ্ছ, সুন্দর নির্বাচন হোক; তাতে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে।
নাসির উদ্দিন বলেন, ২০১৬ সালে স্থানীয় সরকারের ভোটে ২৩৬ জন মারা গেছে। ২০২১ সালে ইউপি ভোটে ১১৩ জন মারা গেছে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের ভোটে অনেক কাজ, এখানেও সবার সহযোগিতা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন করতে ইসির চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। আমরা চেষ্টা করে যাব। সবার সহযোগিতা পেলে ভালো নির্বাচন করতে পারব।
নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন কারো পক্ষেও না, বিপক্ষেও না। আমরা সবার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই, যেখানে সবাই সুন্দরভাবে ভোট দিতে পারবে। জাতীয় নির্বাচন আমাদের একটা স্ট্যান্ডার্ড, বটম লাইন হয়ে গেছে। এটাকে আমাদের ইম্প্রুভ করতে হবে।
স্থানীয় সরকারের ৪ হাজার ৫৮১ ইউনিয়ন পরিষদ, ৬১ জেলা পরিষদ, ৪৯৫ উপজেলা পরিষদ, ৩৩০ পৌরসভা, ১৩ সিটি করপোরেশনের বিভিন্ন পদে ভোটের প্রস্তুতি চলছে।
অন্তর্বর্তী সরকারের অধীনে সংসদ নির্বাচন করার পর দলীয় সরকারের অধীনে নির্দলীয় স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচন চলতি বছর নাগাদ শুরুর পরিকল্পনা রয়েছে। নির্দলীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন নাসির উদ্দিন।
