logo

বিদায়বেলায় বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন প্রণয় ভার্মা

বিদায়বেলায় বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন প্রণয় ভার্মা
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত

ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বৈঠকে চলমান দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

রোববার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

বৈঠকে উভয় পক্ষ সংক্ষেপে সাম্প্রতিক দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও ক্রমবর্ধমান আকাঙ্ক্ষার ভিত্তিতে অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আস্থা প্রকাশ করেন।

বিদায়ী রাষ্ট্রদূত জানান, উভয় দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সব ক্ষেত্রে জনমুখী সহযোগিতা আরও জোরদার করতে ভারত বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান প্রণয় ভার্মাকে তার মেয়াদকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে অবদান রাখায় ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

প্রণয় ভার্মা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

সূত্র : বাসস