ইসির প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা রয়েছে : সিইসি

নির্বাচন নিয়ে সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানার পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা তাদের সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দিন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ব্রিফিংয়ের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিবিদরা। শুরু থেকে বর্তমান পর্যন্ত ইসির সকল কার্যক্রম আলোচনায় তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা এবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও আশাপ্রকাশ করেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের প্রস্তুতির পাশাপাশি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন বিষয়ে আমাদের পরিকল্পনা কি তা- তারা জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসারও মোতায়েন থাকবে।
সিইসি বলেন, আপনারা নিশ্চিত থাকেন, আমাদের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুন্দর একটা নির্বাচন আয়োজনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।
এর আগে সকাল ১০টা থেকে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলের বলরুমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ উপলক্ষে বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সকল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন।