সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়: ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকের শীর্ষ পদে সাম্প্রতিক রদবদল, গ্রাহক বিক্ষোভ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়। তাই সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।’
এ সময় কারও নাম উল্লেখ না করে ইসলামী ব্যাংক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একবার দখল করা ব্যাংক বেদখল হয়ে যাবে, তার যে যাতনা হচ্ছে, সেটা তারা বুঝতে পারছেন।’
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে ‘ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে প্রত্যর্পণ এবং ব্যাংকের ব্যবস্থাপনায় অনভিপ্রেত হস্তক্ষেপ বন্ধে’ আনা একটি নোটিশের ওপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৬৮ বিধি অনুযায়ী এই নোটিশ দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখন বলা হচ্ছে আপনারা ব্যাংকের মালিক না। জামায়াতে ইসলাম ব্যাংকের মালিক না। আবার বলছে ইসলামের ওপর হাত দেবেন না। ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব ফখরুল ইসলাম ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়।’
অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের প্রশ্ন ও মন্তব্যের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ‘চেয়ারম্যান থেকে শুরু করে বোর্ড অব ডিরেক্টরের সবাইকে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন তুলতে হয়, তবে আইন পরিবর্তন করে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘আরডিএস নামে ইসলামী ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে। এটি পল্লী উন্নয়নমূলক প্রকল্প। যেখানে ৫, ১০, ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া যায় এবং নারী গ্রাহক বেশি। ভোটের আগে অনেক নারীকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। আরডিএস প্রকল্পের মাধ্যমে ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। তার মধ্যে ১১ হাজার কোটি টাকা আগে দেওয়া হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচনি বৈতরণি পার হতে আরও ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়। এগুলোর কোনো হদিস নাই।’
এ সময় ব্যাংকটিতে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে একটি মহল পর্দার আড়ালে থেকে ‘গ্রাহক’ সেজে আন্দোলন করাচ্ছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন পর্যন্ত আমরা একটি ফেসবুক সরকার দেখেছিলাম। বিরোধী দল বিরোধী দলের ভূমিকা পালন করুক, তাতে আপত্তি নেই। কিন্তু বারে বারে পর্দার আড়ালে ও পর্দার বাইরে প্রচারণা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করলে আমরা বেশি দূর এগোতে পারব না।’
ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তর করার পাশাপাশি যারা ব্যাংক থেকে টাকা নিয়ে আর ফেরত দেয়নি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
এ ছাড়া নিয়ম না মেনে ব্যাংকটিতে যে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল, বিষয়টিও তদন্তের আওতায় আনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
