দায়িত্ব ছাড়ার আগেই সম্পদের বিবরণী জমা দেবেন বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, উপদেষ্টা হিসেবে সরকারি গাড়ি-বাড়ি কোনো কিছুই নিইনি। ক্ষমতার অপব্যবহারও করিনি। দায়িত্ব ছাড়ার আগেই সম্পদের বিবরণী জমা দেব।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই বাজার ধরে রাখার পাশাপাশি সম্পর্ক আরও জোরদার করতে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে মোট ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল। তবে আপাতত ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
শেখ বশিরউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি) একটি বাণিজ্য চুক্তি হবে। চুক্তিটি সম্পন্ন হওয়ার পর এর শর্তাবলি ও অন্যান্য বিষয় জনসম্মুখে তুলে ধরা হবে।
তিনি বলেন, নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতেই নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
হজ মৌসুমে প্রবাসীদের ফেরা নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী রেখে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। মাত্র ২০ হাজার টাকায় টিকিট কেটে সৌদি থেকে দেশে ফেরা যাবে। এতে ১২০ কোটি টাকা বাড়তি আয় হবে বিমানের।