logo

স্বেচ্ছাসেবক দলনেতা মুছাব্বির হত্যার কারণ জানাল ডিবি

স্বেচ্ছাসেবক দলনেতা মুছাব্বির হত্যার কারণ জানাল ডিবি

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির। এ হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী ‘দাদা দিলিপ ওরফে বিনাস’-এর সম্পৃক্ততার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার (২৪ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই পরিকল্পিতভাবে মুছাব্বিরকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে দুজন  শ্যুটার জড়িত ছিল। তাদের মধ্যে রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি বলেন, রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে। 

ডিবি প্রধান বলেন, এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দাদা বিনাস ওরফে দিলীপের নির্দেশেই। সে বিদেশে অবস্থান করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার পেছনে অপরাধী চক্রের অর্থনৈতিক স্বার্থ জড়িত রয়েছে।  

বর্তমানে ৮ থেকে ৯টি চাঁদাবাজ গ্রুপ কারওয়ান বাজারকেন্দ্রিক সক্রিয় রয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরী বাজার এলাকায় দুর্বৃত্তরা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।