logo

ঢাকায় সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

ঢাকায় সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন
ছবি: সংগৃহীত

সার্কভুক্ত দেশগুলোর মান নির্ধারণকারী সংস্থা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (সার্সো) গভর্নিং বোর্ডের ১১তম সভা ঢাকায় সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (৩ জুন) ও বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারপারসন ও বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।

সভায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন।

সভায় ২০২৫ সালের সার্সোর কার্যক্রমের প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং টেকনিক্যাল ম্যানেজমেন্ট বোর্ডের (টিএমবি) প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ২০২৬ সালের কর্মপরিকল্পনা, আন্তর্জাতিক ও আঞ্চলিক মান সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, নতুন সেক্টরাল টেকনিক্যাল কমিটি (এসটিসি) গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সমাপনী বক্তব্যে কাজী ইমদাদুল হক দক্ষিণ এশীয় অঞ্চলে বাণিজ্যের প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করা এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বিত ও যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পরে ১১তম গভর্নিং বোর্ড সভার আনুষ্ঠানিক প্রতিবেদন গ্রহণের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।