logo

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মুফতি রুহুল আমিন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Advertisement

মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার পরিচালক। ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বায়তুল মোকাররমের খতিব ছিলেন।

জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক মুফতি মাহবুবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, বড় হুজুরকে আটকের খবর শুনেছি। তবে কতটুকু সত্য, তা এখনো জানি না। তার নামে তার বড় ভাইয়ের মেয়ের জামাতা জমিসংক্রান্ত মামলা করেছিলেন। ওই লোক খুব দুষ্কৃতিকারী। সামাজিকভাবে তার সঙ্গে মীমাংসা করতে চাওয়া হলেও তিনি এগিয়ে আসেননি।

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে সমালোচিত হয়েছিলেন মুফতি রুহুল আমিন। বায়তুল মোকাররমের খতিবের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান রুহুল আমিন। এর প্রায় ৬ সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে মসজিদে যান তিনি। পরে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারী এবং অপর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় মসিজদের দরজা-জানালা।

ওই বছরের ২২ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদ থেকে অপসারণ করে ধর্ম মন্ত্রণালয়।

রায়হান রাশেদ

সম্পাদনা

রায়হান রাশেদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট