logo

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বন্ধ

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বন্ধ

ভয়াবহ শীতকালীন ঝড় ও তীব্র তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দূতাবাসের ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘বিপজ্জনক’ আবহাওয়ার কারণে সোমবার (২৬ জানুয়ারি) দূতাবাসের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এই তারিখের কনস্যুলার পরিসেবাগুলোর জন্য সব অ্যাপয়েন্টমেন্ট যথাযথভাবে নির্ধারিত হবে। 

আপৎকালীন অবস্থার জন্য +1 (202) 413-3846,  +1 (571) 317 8788 এই  নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। 

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজ ও এপি জানায়, যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। 

ঝড়ের কারণে গাছের ডাল ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় কয়েক লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রোববার প্রায় ১১ হাজার ৫০০টি ফ্লাইট বাতিল এবং ১৬ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। 

এ ছাড়া ঝড়ের প্রভাবে বহু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সোমবারের ক্লাস বাতিল বা অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে। মানুষকে অপ্রয়োজনে রাস্তায় না নামার অনুরোধ জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, তীব্র ঝড়ের প্রভাব আগামী আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর ফলে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হবে, যা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সময় আরও বেশি লাগতে পারে।